জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএমইএ)। এরই মধ্যে কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির সদস্যদের উদ্যোগে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, অবশিষ্ট ৫ হাজার চারা পর্যায়ক্রমে সদস্যভুক্ত কারখানা ও কারখানার আশপাশের নির্ধারিত স্থানে রোপণ করা হবে।
বিসিসিএমইএর সভাপতি আতিকুর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। শিল্পখাতের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে আমাদেরও দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার উদ্যোগেও অংশ নিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।’
সংগঠনটির মতে, শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশবান্ধব উদ্যোগ কার্বন নিঃসরণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সরকারের বনায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ কর্মসূচিতে অংশ নিয়ে দেশের সব শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিসিসিএমইএ।







