মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর ৩১তম বংশধর ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী (মা.) বলেছেন, ‘রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ভালোবাসা এবং তার পবিত্র আহলে বাইতের প্রতি মহব্বত ঈমানের অন্যতম ভিত্তি।’ তিনি ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়ভিত্তিক জীবন প্রতিষ্ঠায় আহলে বাইতের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র মহরম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শানে আহলে বাইত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর ৩১তম বংশধর ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী (মা.) এ মন্তব্য করেছেন।
গত শনিবার (১৮ জুলাই) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি (সুফিজ) ও মইনীয়া যুব ফোরামের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘পবিত্র মহররম মাস মুসলিম উম্মাহকে কারবালার আত্মত্যাগ, সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, কারবালার চেতনা কেবল অতীতের একটি স্মৃতি নয়; এটি প্রতিটি যুগে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অনুপ্রেরণা।’
সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মইনীয়া যুব ফোরামের সভাপতি ও আন্তর্জাতিক ইসলামী গবেষক শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল-হাসানী, নিউইয়র্ক আহলুল বাইত মসজিদের খতিব আল্লামা সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী বদরপুরী, জেবিবিএ (জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন)-এর সভাপতি গিয়াস আহমেদ, শায়খ আজমাইন আসরার মাইজভাণ্ডারী এবং মাওলানা আনোয়ার হোসাইন আল ক্বাদেরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্বারী সৈয়দ মুস্তানযিদ বিল্লাহ রাব্বানী। পরে নাতে রাসুল (ﷺ) পরিবেশন করেন মোহাম্মদ শফি গারাভী।
আলোচকেরা বলেন, কারবালার ঘটনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, ত্যাগ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক চিরন্তন দৃষ্টান্ত। তাঁরা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং রাসূলুল্লাহ (ﷺ) ও আহলে বাইতের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত আলেম-উলামা, প্রবাসী বাংলাদেশি মুসলিম এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী (মা.)।







