নিউইয়র্ক প্রতিনিধি: নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করতে পাঠ্যপুস্তকে কারবালার প্রকৃত ইতিহাস ও এর শিক্ষণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী।
গত ২৫ জুন (২০২৬), বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১০ মহররম উপলক্ষে ইমাম হোসাইন (রাঃ) ও কারবালার শহীদদের স্মরণে আয়োজিত এক মিলাদ, দোয়া মাহফিল ও শরবত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মইনীয়া ইয়ুথ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন বলেন:
’কারবালার আত্মত্যাগ শুধু মুসলিম উম্মাহর নয়, সমগ্র মানবজাতির জন্য ন্যায় ও সত্যের এক অনন্য দৃষ্টান্ত। ইমাম হোসাইন (রাঃ)-এর এই ত্যাগ কিয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।’
গিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নিউইয়র্ক শাখার উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
মিলাদ ও মোনাজাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং পরে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।







