টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীর জনজীবন। সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে।
অবশেষে সেই অস্বস্তি কাটিয়ে আজ বিকাল ৫টার দিকে রাজধানীতে নেমেছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। মুষলধারে ঝরে পড়া বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কমে স্বস্তি ফিরেছে জনজীবনে।
আজ দুপুর ১টার পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে। বিকাল ৫টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে নামে বৃষ্টি। রাজধানীর সচিবালয়, ইসলামপুর, নয়াবাজার, বংশাল, পল্টন, শাহবাগ, গুলিস্তান ও উত্তরাসহ প্রায় প্রতিটি এলাকাতেই একযোগে বৃষ্টি হয়েছে।
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টিতে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে আনন্দের ছোঁয়া দেখা গেছে। তীব্র গরমে যারা ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছিলেন, বৃষ্টির শীতল হাওয়া তাদের জন্য এক দারুণ উপহার হিসেবে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রাজধানীবাসীকে বৃষ্টি ঝরার আনন্দ উদযাপনের ছবি ও অনুভূতি প্রকাশ করতে দেখা যাচ্ছে।
তবে বৃষ্টির এই স্বস্তির পাশাপাশি বরাবরের মতোই কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। হুট করে বৃষ্টি নামায় ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে গেছে, ফলে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় এবং রিকশা ও সিএনজি চালকরা বাড়তি ভাড়া দাবি করায় সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল, এই বৃষ্টির ফলে তা অনেকটাই কেটে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী আরো বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা আরও কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে।
সাময়িক কিছু নাগরিক ভোগান্তি থাকলেও, তীব্র গরমের হাত থেকে বাঁচতে এই বৃষ্টিকে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই দেখছেন ঢাকাবাসী। বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই বৃষ্টিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় যানজটও দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তর আরোও জানায়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।








