রাজধানী ঢাকার বায়ুমানের আবারও অবনতি হয়েছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। গতকাল বুধবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১১৩, যা বিশেষ করে শিশু ও বয়স্কদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আইকিউএয়ারের রিয়েল-টাইম র্যাঙ্কিং অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে ধানমন্ডির বাতাস সবচেয়ে বেশি দূষিত পাওয়া গেছে। এই এলাকার স্কোর ছিল ১৫৩, যা সাধারণ জনস্বাস্থ্যের জন্যই ‘অস্বাস্থ্যকর’। এছাড়া পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশান, বারিধারা এবং গোড়ান এলাকার বাতাসও দূষণের কবলে রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩) এবং পাকিস্তানের লাহোর (১৩৯)।
বায়ুমান সূচক অনুযায়ী, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।







