নেত্রকোণার কেন্দুয়ায় বাবার দেওয়া হেবা দলিলের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ বোন আখলিমা আক্তার আঁখির রোপণ করা আমন ধানের চারা হালচাষ করে নষ্ট করার অভিযোগ উঠেছে তার ভাই মো. কাঞ্চন মিয়ার বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের পুকুরিয়া হাওরে এ ঘটনা ঘটে।
আখলিমা জানান, ২০১৩ সালে বাবা আলী হোসেন তাকে হেবা দলিলের মাধ্যমে জমিটি লিখে দেন। পরে ২০১৫ সালে ভাই কাঞ্চন মিয়াও একই জমিসহ কিছু সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে নিজের নামে করে নেন। এ নিয়ে ভাই-বোনের দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার চারা রোপণের পর বুধবার সকালে কাঞ্চন মিয়া জমিতে হালচাষ করে তা নষ্ট করে ফেলেন।
এ বিষয়ে অভিযুক্ত কাঞ্চন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।







