যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উটকিয়াগভিকে এখন শুরু হয়েছে এক বিরল প্রাকৃতিক ঘটনা। আগামী টানা ৮৪ দিন সেখানে সূর্য অস্ত যাবে না। আর্কটিক অঞ্চলের এই শহরে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময় শুরু হওয়ায় দিন-রাত মিলিয়ে পুরো সময়জুড়েই দেখা মিলবে সূর্যের আলো। পৃথিবীর অক্ষের হেলে থাকা অবস্থান ও সূর্যকে কেন্দ্র করে ঘোরার কারণেই তৈরি হয় এই অদ্ভুত পরিস্থিতি।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত আর্কটিক শহর উটকিয়াগভিকে আনুষ্ঠানিকভাবে সূর্য অস্ত যাওয়া বন্ধ হয়ে গেছে। মূলত দেশটির সবচেয়ে উত্তরের এই শহরের বাসিন্দারা গত শনিবার মৌসুমের শেষ সূর্যাস্ত দেখে ফেলেছেন। ওই দিন শেষবারের মতো সূর্য দিগন্তের নিচে নামার পর শুরু হয়েছে এমন এক সময়, যখন টানা ৮৪ দিন সেখানে আর সূর্য অস্ত যাবে না।
শনিবার অস্ত যাওয়ার পর স্থানীয় সময় রাত ২টা ৫৭ মিনিটে সেখানে আবার সূর্য উঠেছে এবং আগামী ২ আগস্ট পর্যন্ত তা দিগন্তের ওপরে থাকবে। এর ফলে শহরটি প্রবেশ করেছে ‘মিডনাইট সান’ বা ‘মধ্যরাতের সূর্য’ সময়কালে। পৃথিবীর মেরু অঞ্চলের কাছাকাছি এলাকায় এ ধরনের প্রাকৃতিক ঘটনা দেখা যায়।
মূলত আর্কটিক সার্কেলের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত উটকিয়াগভিকে পৃথিবীর সবচেয়ে চরম আলোকচক্রগুলোর একটি দেখা যায়। এখন শহরটিতে টানা প্রায় তিন মাস সূর্যের আলো থাকবে। আবার শীতকালে ঘটে ঠিক উল্টো ঘটনা। তখন ৬০ দিনেরও বেশি সময় সেখানে সূর্যের দেখা মেলে না। এ সময়কে বলা হয় ‘পোলার নাইট’ বা মেরু রাত।
এই ঘটনা ঘটে মূলত পৃথিবীর অক্ষ হেলে থাকা এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণনের কারণে। পৃথিবী তার কক্ষপথের তুলনায় প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে রয়েছে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় এই হেলে থাকা অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো ভিন্নভাবে পড়ে।
উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে। ফলে আর্কটিক সার্কেলের ওপরে থাকা এলাকাগুলোতে সূর্যের আলো অবিরাম পড়ে এবং সূর্য দিগন্তের নিচে নামতে পারে না। এসময় সূর্য আকাশে নিচু কোণে ঘুরতে থাকে, ফলে মধ্যরাতেও দিনের আলো দেখা যায়।
অন্যদিকে শীতকালে উত্তর গোলার্ধ সূর্য থেকে বিপরীত দিকে হেলে থাকে। তখন উটকিয়াগভিকের মতো অঞ্চলগুলোতে কয়েক সপ্তাহ সূর্যের আলো পৌঁছায় না এবং পুরো এলাকা অন্ধকারে ডুবে থাকে।
মূলত যে স্থান যত বেশি মেরুর কাছাকাছি, মৌসুমি আলোর এই পরিবর্তন তত বেশি নাটকীয় হয়ে ওঠে। উত্তর মেরুতে বছরে মাত্র একবার অর্থাৎ মার্চের বিষুবের সময় সূর্য ওঠে এবং সেপ্টেম্বরের বিষুবের সময় অস্ত যায়। ফলে সেখানে প্রায় ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকে।
বিজ্ঞানীদের জন্য এই চরম আলোকচক্র পৃথিবীর কক্ষপথ, বায়ুমণ্ডলের আচরণ এবং অস্বাভাবিক পরিবেশে মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা নিয়ে গবেষণার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। তবে উটকিয়াগভিকের বাসিন্দাদের কাছে ‘মিডনাইট সান’ আর্কটিক জীবনেরই একটি স্বাভাবিক অংশ, যেখানে গ্রীষ্মের রাতগুলোও কাটে অস্ত না যাওয়া সূর্যের আলোয়।








