বিশ্ববাজারে কফির চাহিদা ও দামের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। ভিয়েতনামে স্থানীয় ও আন্তর্জাতিক—দুই বাজারেই রোবাস্তা কফির দাম বেড়েছে। পাশাপাশি আসন্ন নতুন মৌসুমের কফির আগাম বেচাকেনাও শুরু হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে গত সপ্তাহে প্রতি কেজি রোবাস্তা কফি ৯৮ হাজার ৩০০ থেকে ৯৯ হাজার ডংয়ে বিক্রি হয়েছে। আগের সপ্তাহে দাম ছিল ৯৬ হাজার থেকে সাড়ে ৯৬ হাজার ডং।
আন্তর্জাতিক বাজারেও কফির দাম বেড়েছে। নভেম্বর সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৩১ ডলার বা ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৮৪ ডলারে উঠেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস কফির দাম বাড়ল। শক্তিশালী চাহিদা এবং প্রধান রপ্তানিকারক দেশগুলোয় সরবরাহ নিয়ে উদ্বেগকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।
ভিয়েতনামে ২০২৬-২৭ মৌসুমের কফি সংগ্রহ অক্টোবরে শুরু হবে। তবে নভেম্বরের আগে নতুন কফির পর্যাপ্ত সরবরাহ বাজারে আসবে না বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এরই মধ্যে নতুন মৌসুমের কফির আগাম চুক্তিভিত্তিক বেচাকেনা শুরু হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ায় চলতি মৌসুমের কফি সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। এতে স্থানীয় বাজারে সরবরাহ কমছে। মজুত কমে যাওয়া ও চাহিদা বাড়ায় দেশটির রোবাস্তা কফির রপ্তানি প্রিমিয়ামও উচ্চ পর্যায়ে রয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এশিয়ার প্রধান উৎপাদনকারী দেশগুলোর সরবরাহ পরিস্থিতি এবং বৈশ্বিক চাহিদার ওপর আগামী দিনে কফির দাম নির্ভর করবে।







