মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয় জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
তারা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গাছবাড়ি এলাকার মাঝতালুক গ্রামের আহসান মিয়ার ছেলে জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের জিবলা উদ্দিন ও জসিম উদ্দিন এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের আব্দুন নুরের ছেলে আব্দুল কাদির।
জানা গেছে, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, নিহতদের চারজন তার এলাকার। অপরজন পাশের ইউনিয়নের। তিনি বলেন, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, আরেকজন ভারতীয় নাগরিক।
এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
তাদের মৃত্যুতে কাতারের রাজধানী দোহায় ‘ঘরোয়া’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বেলায়াত হোসেন আরজু শোকাহত ও মর্মাহত, তাদের অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানের পক্ষে গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন সে সাথে তার পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি প্রদান করুন, আমিন।
এদিকে, ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। রবিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রতিমন্ত্রী আরও জানান, নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।








