উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। একারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আজ (রোববার, ৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের মধ্য দিয়ে কক্সবাজার উপকূল দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের বর্ষা মৌসুম। মৌসুমি বায়ুর প্রভাবে জেলায় বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ থেকে ৭ দিন কক্সবাজারে কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সতর্ক সংকেত জারির পর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








