বাজারে কয়েকদিন যাবৎ সয়াবিন তেলের সংকট ছিল। এই সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বেড়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে ৪ টাকা বেড়ে ১৯৯ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন, সয়াবিন তেল উৎসে মূল্যবৃদ্ধির কারণে আমদানি মূল্যে প্রভাব পড়েছে। আমদানিকারকরা মূল্য বৃদ্ধির অনুরোধ করছিলেন। আমরা যাচাই করে দেখেছি এর যথার্থতা আছে।
তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
সরকারের দাম বৃদ্ধির পরও ব্যবসায়ীরা বলছেন, দাম সমন্বয় পুরোপুরি হয় নাই। তবু মেনে নিচ্ছি। তবে ঈদের পর যেন আবার সমন্বয় করা হয়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ শতাংশ বেড়েছে। আর গত বছরের তুলনায় এখন খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১১ শতাংশ বেশি।
এর আগে সব ধরণের জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা দিযেছিল সরকার।









